ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর নতুনভাবে নির্ধারণ করেছে আদালত। এ নিয়ে এই মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বার পেছাল।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করতে পারেননি।
গত ১৫ জানুয়ারি মামলার বাদী আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের দেয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুনরায় তদন্তের নির্দেশ দেয়। মামলার এজাহারে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়।
গত বছরের ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে হাদি গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
হাদিকে গুলি করার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। পরে তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। গত ৬ জানুয়ারি মামলাটিতে ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
অনলাইন ডেক্স 





















