ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি শর্মিলা ঠাকুরের কন্যা এবং সাইফ-সোহা খানের বোন সাবা পাতৌদি ৫০ বছর বয়সেও অবিবাহিত রয়েছেন। তিনি গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থেকে একটি শান্ত জীবনযাপন করছেন।
১৯৭৬ সালের ১ মে জন্মগ্রহণ করা সাবা পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার ২ লাখ ৫৯ হাজার অনুসারী রয়েছে, যেখানে তিনি পরিবারের নানা মুহূর্তের ছবি ও গল্প শেয়ার করেন। সাবা ভোপালের ‘রয়েল অ্যান্ডোমেন্ট ট্রাস্ট’-এর প্রধান তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সাবা কখনো বিয়ের পিঁড়িতে বসেননি। সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজের বিয়ে না করার কারণ নিয়ে আলোচনা করেছেন। সাবা জানান, জীবনে তার কোনো প্রথম প্রেমিক ছিল না এবং ১৮ বা ১৯ বছর বয়সে বিয়ের জন্য বিভিন্ন পাত্রের প্রস্তাব পেয়েছেন।
তিনি বলেন, ‘১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে বিয়ের আলোচনা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি তখন বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।’ সাবা আরও জানান, মনের মতো সঙ্গী না পাওয়ার কারণে তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে পারেননি।
সাবা বলেন, ‘আমি বাবার মতো কাউকে খুঁজছিলাম না, কিন্তু বাবা তো বাবাই হন। আমি আসলে সেই মাপের বা মনের মতো কোনো সঙ্গী খুঁজে পাইনি।’ পাতৌদি পরিবারের এই জ্যেষ্ঠ কন্যা তার স্বাধীন মানসিকতা বজায় রেখেই জীবনযাপন করছেন।
অনলাইন ডেক্স 






















