চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২৪ আগস্ট ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল এ সিদ্ধান্ত নেয়।
এদিন মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও জহিরুল আমিন। সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত তারিখে আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয়।
মামলায় বর্তমানে গ্রেপ্তার পাঁচজন হলেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ আরও অনেকে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনে প্রসিকিউশন। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম, হৃদয় চন্দ্রকে হত্যা এবং তৃতীয় অভিযোগে জাহিদ হাসানসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার বর্ণনা রয়েছে।
অনলাইন ডেক্স 
























