ইরানে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১১ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
দুর্ঘটনাটি মধ্য ইরানের মার্কাজি প্রদেশে সাভেহ-হামেদান মহাসড়কে ঘটে। প্রাদেশিক ট্রাফিক পুলিশ জানিয়েছে, চালকের ক্লান্তি ও তন্দ্রার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। কর্তৃপক্ষ বাসটির যাত্রা পথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
ইরানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বিশ্বের অন্যতম বেশি। প্রতিবছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৭ হাজারের বেশি মানুষ নিহত হন। বিশেষজ্ঞরা অনিরাপদ যানবাহন, ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করা এবং জরুরি সেবার অপর্যাপ্ততাকে এ ধরনের দুর্ঘটনায় বেশি প্রাণহানির জন্য দায়ী করেন।
চলতি মাসের শুরুতে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজের কাছে একটি জ্বালানি বহনকারী ট্যাংকার অন্য কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। ওই ঘটনায় ১১ জন নিহত ও সাত জন আহত হন।
অনলাইন ডেক্স 






















