বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে বাগান’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ জনের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে ৮ জন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামের দুই পর্যটক প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কেওয়াক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন।
ঘুরে ফেরার পথে বগালেক-কেওয়াক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে তারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ ও ঢালু মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। ফলে মোটরসাইকেলটি কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।
দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে গভীর রাত ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রুমা থানার ওসি মানস বড়ুয়া বলেন, বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অনলাইন ডেক্স 















