নেত্রকোনার এন আকন্দ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা এহসানুল হকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। গত ১১ ও ১৭ আগস্টের সিসিটিভি ভিডিও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৭ আগস্ট সকালে মাদ্রাসার একটি কক্ষে বোরকা পরিহিত এক নারীর সঙ্গে শিক্ষক মাওলানা এহসানুল হক কথা বলছেন। ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, তিনি নারীর পেছনে গিয়ে কিছু সময় অবস্থান করেন এবং পরে তাকে স্পর্শ করেন। একইভাবে ২০ আগস্টের আরেকটি ফুটেজেও একই ধরনের আচরণ দেখা যায়।
মাদ্রাসার একাধিক শিক্ষক জানিয়েছেন, লাইভ ফিডে তারা এই দৃশ্য দেখেছেন এবং এটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে মাদ্রাসা প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ না করলে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
অন্যদিকে, অভিযুক্ত এহসানুল হক দাবি করেছেন যে, তাকে হেনস্থা করা হচ্ছে এবং ভিডিওটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। শিক্ষকদের মধ্যে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং তারা অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
অনলাইন ডেক্স 
























