রাজধানীর কল্যাণপুরের নন্দশিল্প একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘নন্দিত শিল্পযাত্রা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হৃদয়ে শিল্পের ছোঁয়া’ স্লোগানকে ধারণ করে বাংলা সংস্কৃতির ঐতিহ্য রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চা বিস্তারে কাজ করে যাচ্ছে নন্দশিল্প একাডেমি। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা এবং সংগীতশিল্পী ফেরদৌস আরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নন্দশিল্প একাডেমির সভাপতি অমিত সরকার। আয়োজকরা জানিয়েছেন, দেশের বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা এতে অংশ নেবেন।
অনলাইন ডেক্স 
























