ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে ৭৮০ কেজি কিউ জাতের আনারস পাঠিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আনারসগুলো বাংলাদেশে পৌঁছায়। জানা গেছে, ১০০টি বক্সে মোট ৬২০টি আনারস পাঠানো হয়েছে, যেখানে প্রতিটি বক্সে পাঁচ থেকে ছয়টি আনারস রয়েছে। প্রতিটি আনারসের গড় ওজন এক কেজির বেশি।
আনারস গ্রহণ করতে আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা।
ত্রিপুরা সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং অন্যান্য কর্মকর্তারা। অপূর্ব রায় বলেন, উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই উপহার বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে।
অনলাইন ডেক্স 























