ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) একটি ব্যতিক্রমী রায় দিয়েছে, যেখানে পা ভেঙে যাওয়া খেলোয়াড় অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত ফাউল করা খেলোয়াড় মাঠে নামতে পারবেন না।
এই রায়ের ফলে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের ২২ বছর বয়সী ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েল সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন। ২৮ জুলাই আদালতের রায়ে জানানো হয়েছে, ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেক চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত গ্যাব্রিয়েল মাঠে নামতে পারবেন না। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ ১৮০ দিন।
ঘটনাটি ঘটে ২২ জুলাই ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগের ক্রুজেইরো–ইন্টারন্যাসিওনাল ম্যাচে, যেখানে গ্যাব্রিয়েলের কড়া ট্যাকলে পেকের বাঁ পায়ের টিবিয়া ভেঙে যায়। এই ঘটনায় গ্যাব্রিয়েলের বিরুদ্ধে ব্রাজিলিয়ান কোড অব স্পোর্টস জাস্টিসের ২৫৪ নম্বর ধারায় অভিযোগ আনা হয়।
গ্যাব্রিয়েল শুনানিতে দাবি করেন, পেককে আঘাত করার কোনো ইচ্ছা তাঁর ছিল না এবং তিনি পেকের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। মামলার র্যাপোর্টেয়ার অডিটর রদ্রিগো স্টাইনমান বায়ার সর্বোচ্চ ছয় ম্যাচ নিষেধাজ্ঞার পক্ষে মত দেন, কিন্তু অন্য অডিটররা আহত পেকের সুস্থতার সঙ্গে নিষেধাজ্ঞা যুক্ত করার সিদ্ধান্ত নেন।
২৫ বছর বয়সী পেক চলতি বছর বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি থেকে ক্রুজেইরোতে যোগ দেন এবং অভিষেক ম্যাচেই গুরুতর চোটে পড়েন।
অনলাইন ডেক্স 























