সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন দেওনার পীর অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। তিনি লেবার পার্টিকে ১১ দলীয় জোট থেকে বহিষ্কার এবং আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের আলেম-উলামারা জাতির নৈতিক, ধর্মীয় ও সামাজিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করে।
অধ্যক্ষ চৌধুরী আরও বলেন, মতভেদ থাকতে পারে, তবে শালীনতার সীমা লঙ্ঘন করে সম্মানিত আলেমদের বিরুদ্ধে অশোভন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। তিনি উল্লেখ করেন, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সৌজন্যকে ক্ষুণ্ন করে।
তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ উল্লেখ করেন। তিনি আলেমদের প্রতি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।
অধ্যক্ষ চৌধুরী বলেন, আলেম-উলামার সম্মান রক্ষা করা দেশের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তাদের মর্যাদা ক্ষুণ্নের যেকোনো অপচেষ্টা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য ক্ষতিকর।
অনলাইন ডেক্স 





















