প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। তিনি দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পর্যালোচনা সভায় চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং নীতিনির্ধারণে তাঁদের পরামর্শকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
অনলাইন ডেক্স 























