রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা থেকে আসা একটি বালুবাহী ট্রাক রংপুরের পাগলাপীর অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুই নারী আরোহী রাধা রানী সরকার (৪০) ও অঞ্জনা রানী সরকার (৫০) ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত রাধা রানী নীলফামারী সদর উপজেলার দুলাল সরকারের স্ত্রী এবং অঞ্জনা রানী একই এলাকার দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও পুলিশ ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৭৮) ও মোটরসাইকেলটি জব্দ করেছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















