ফেনী শহরের উত্তর সহদেবপুরে একটি দোকান থেকে ১০৪টি গ্যাস ভর্তি সিলিন্ডার চুরি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রয় স্টোর অ্যান্ড এলপিজি হোম ডেলিভারি সার্ভিসের তালা কেটে দুর্বৃত্তরা সিলিন্ডারগুলো চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক অপু রায় জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে এসে দোকান ফাঁকা দেখতে পান এবং একটি সিলিন্ডারও নেই। এছাড়া দোকানে থাকা অন্যান্য গ্যাসের সরঞ্জামও চুরি হয়েছে। তিনি গ্যাস সিলিন্ডার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে নুরুল আমিনের বাড়ি থেকে তার ব্যবহৃত টিউবওয়েল চুরি হয়েছে। সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামের হাজী জাকির হোসেনের প্রবাসী জাফর আহম্মদের ঘর থেকে বিদ্যুতের তার ও মোটর চুরি হয়েছে।
জাফর আহম্মদ জানান, তিনি ২৫ বছর ধরে প্রবাসে রয়েছেন এবং দেশে তার পরিবার নিরাপদে থাকতে পারছে না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, আগের তুলনায় চুরি কমেছে, তবে কিছু চুরি কমানো সম্ভব নয়। এলাকাবাসীর সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অনলাইন ডেক্স 






















