দল থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আসন শূন্য হওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত হলে সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যাবে।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর যদি কোনো দলের সংসদ সদস্যকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করা হয়, তবে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা আইনি প্রশ্ন।
নির্বাচন কমিশনার আরও জানান, রাজনৈতিক দলগুলোর মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিচয় ও আইনগত ভিত্তি দলগত কাঠামোর ওপর নির্ভর করে। তাই দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো সদস্যকে বহিষ্কার করে, তবে তার আসন শূন্য হওয়া স্বাভাবিক।
তবে, আনুষ্ঠানিকভাবে দলীয় বহিষ্কার সংক্রান্ত কোনো নথিপত্র নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশন আইন, বিধিমালা ও সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
অনলাইন ডেক্স 























