ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয় আবারও এক হচ্ছেন নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে। ‘বরবাদ’ সিনেমার রেকর্ড সাফল্যের পর তারা এই নতুন প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন।
সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত হলেও, তার বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
শাকিব খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়েছেন। ছবিতে তার সঙ্গে ছিলেন নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমি। ক্যাপশনে শাকিব লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে।
জানা গেছে, ‘বরবাদ’-এর মতো নতুন সিনেমাটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং।
গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এবং নির্মাতারা দাবি করেছেন, এটি ৭৫ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে।
অনলাইন ডেক্স 
























