সরকারি ও বিরোধীদল একসাথে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর ছত্রিশ জুলাই চত্বরে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সকলের অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকের দিনকে তাই জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।’ সরকারের পক্ষ থেকে জুলাইয়ের চেতনায় সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আহমেদ আযম খান উল্লেখ করেন, ‘জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আমাদের চেতনা, এই জুলাইয়ের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানে শরিক হয়েছিল এবং ফ্যাসিবাদ পালিয়েছে।’
অনলাইন ডেক্স 























