পাকিস্তানের সামরিক বাহিনী ভারতকে লক্ষ্য করে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে। এ ঘোষণা এসেছে সিন্ধু পানিবণ্টন চুক্তি অনুযায়ী নিজেদের ন্যায্য অংশ আদায়ে বেসামরিক সরকারের পর সামরিক বাহিনীর পক্ষ থেকে।
গত বছর কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত ওই হামলার পর ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করে।
পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে সেনাবাহিনী সরকারের নির্দেশনা অনুযায়ী পানির ন্যায্য অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানায়।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা ‘যুদ্ধের শামিল’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আফগান তালেবান নিয়ন্ত্রিত ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ থেকে বিরত থাকতে হবে। ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
অনলাইন ডেক্স 




















