ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত চারতলা প্রশাসনিক ভবন ও একতলা মিলনায়তনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। এই উদ্বোধনী অনুষ্ঠানটি ৫ জুলাই, রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন এবং স্মারক ফলক উন্মোচন করেন। তিনি উপজেলা পরিষদ চত্বরে সাইকাস ও নারিকেল গাছের চারা রোপণ করেন। উদ্বোধনের পর নবনির্মিত প্রশাসনিক ভবন ও মিলনায়তন পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়ায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়ে চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হয়। নতুন ভবনটি উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনগণের সরকারি সেবা গ্রহণ সহজ করবে।
অনলাইন ডেক্স 






















