ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরান কখনো ন্যায়বিচারের দাবি থেকে সরে আসবে না।
রোববার (০৫ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় জানাজার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন হাতামি। তিনি বলেন, "যারা এই অপরাধ করেছে, তারা জানুক, আমরা কখনো প্রতিশোধের অনুসন্ধান থেকে সরে আসব না।"
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন।
হাতামি আরও জানান, ইরান যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইরানি কর্তৃপক্ষ বলছে, খামেনির হত্যার চূড়ান্ত প্রতিশোধ এখনও বাকি রয়েছে।
আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ তেহরানের মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তিন দিনের শোকযাত্রা শেষে বৃহস্পতিবার তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হবে।
অনলাইন ডেক্স 






















