ভারত আফগানিস্তানে বাসমতী চালের সরাসরি রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং রপ্তানি সংকটের সুযোগ কাজে লাগিয়ে আফগান বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে নয়াদিল্লি। এ লক্ষ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আফগান কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ থাকায় দেশটির প্রায় ১১০ কোটি ডলারের রপ্তানি ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পাকিস্তানের খাদ্যপণ্যের রপ্তানি ২৫ শতাংশ কমেছে, যা ভারতের জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে।
বর্তমানে আফগানিস্তান দুবাই ও ইরানের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতীয় বাসমতী চাল আমদানি করে, যা ব্যয়বহুল। আফগান কর্মকর্তারা সরাসরি ভারত থেকে চাল আমদানিকে আরও সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য মনে করছেন। এ জন্য ইরানের বন্দর আব্বাস ব্যবহার করে চাল পরিবহনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে আফগানিস্তানে ১৯ হাজার ৪৪০ টন বাসমতী চাল রপ্তানি করেছিল ভারত, যেখানে ২০২৪-২৫ অর্থবছরে পাকিস্তান প্রায় আট লাখ টন বাসমতী চাল রপ্তানি করেছে। আফগানিস্তানে বছরে প্রায় পাঁচ লাখ টন বাসমতী চালের চাহিদা রয়েছে, যা পাকিস্তানের প্রাধান্য থাকা সত্ত্বেও রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে বিকল্প সরবরাহকারীর সন্ধানে রয়েছে কাবুল।
অনলাইন ডেক্স 






















