বান্দরবান জেলা সদরের কালাঘাটা বড়ুয়া টেক আম্রকানন গৌতম বিহারে ২৬তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গৌতম বুদ্ধের অহিংসার বাণীকে সামনে রেখে এই উৎসবের আয়োজন করা হয়।
আজ শনিবার দিনব্যাপী নানা ধর্মীয় রেওয়াজ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। ভোরের আলো ফুটতেই পুণ্যার্থীরা বিভিন্ন সাজে ও পূজার সামগ্রী হাতে বিহারে আসতে শুরু করেন। তারা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন। সারাদিন বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান ও বিশেষ প্রার্থনা চলে।
এ দানোৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিহার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি ছিলেন ‘বার্তা বাজার’ পত্রিকার প্রধান সম্পাদক বাবু রকি বড়ুয়া। এছাড়া নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক উছোমং মার্মা, বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, উবাসিং মার্মা, আবদুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলে বহু ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে। এ ধরনের আয়োজন ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনলাইন ডেক্স 























