ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার ফলে রাশিয়ার প্রযুক্তি খাতের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। চলমান যুদ্ধে ইউক্রেনের হামলায় যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতে রাশিয়ার দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসে ইউক্রেন রাশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের তিনটি, রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সারব্যাংকের একটি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ভিকনতাক্তের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। যদিও এসব প্রতিষ্ঠান তাদের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে রাশিয়ার সাধারণ মানুষ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্লাউড সেবায় ব্যাপক সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছে।
ব্যাংকিং, ই-কমার্স, জিওলোকেশন, রাইড শেয়ারিং এবং ইয়ানডেক্সের ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট আলিসাসহ মাল্টিমোডাল এআই চ্যাটবটগুলোর সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে রাশিয়ার বিচারব্যবস্থায়ও প্রভাব পড়েছে, অনেক ক্ষেত্রে আরবিট্রেশন কোর্টের কার্যক্রম বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লাগতে পারে। ইউরেশিয়া গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নিক রেইনার্সের মতে, কৌশলগতভাবে ডেটা সেন্টারগুলো চমৎকার লক্ষ্যবস্তু। ইউক্রেন সাধারণত তাদের গুরুত্বপূর্ণ ডেটা মিত্র দেশগুলোতে সংরক্ষণ করে, যা রাশিয়ার আক্রমণ থেকে তাদের রক্ষা করে।
ইয়ানডেক্স রাশিয়ার ডিজিটাল জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্রোন হামলার কারণে এই সেবাগুলো ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা কিছু সেবা পুনরুদ্ধার করতে পারলেও এআই উন্নয়নে দীর্ঘমেয়াদি ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে।
অনলাইন ডেক্স 

























