আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত এবং এটি প্রয়োজনীয়। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার উল্লেখ করেন, সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, তার রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সৎ ও ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং আশা করা যাচ্ছে ভোলায় আরো গ্যাস ভান্ডার রয়েছে। তিনি বলেন, ভোলাবাসীর গ্যাস প্রয়োজন এবং এটি তাদের ন্যায্য অধিকার। এই বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
নিজ নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিনদিনের সফর শেষে স্পিকার আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।
অনলাইন ডেক্স 






















