সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শনিবার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘দ্য চিফ অফ আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’– এ অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে সেনাপ্রধান মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাসোসিয়েশন অফ দ্য ইউএস আর্মি অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে’ অংশ নেন। সফরের সময় তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সেনাপ্রধান উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 























