শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে প্রতিবছর রাজধানীতে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। তিনি জানান, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপের গুরুত্ব ও দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনায় মণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এসব মণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে।
নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, পূজামণ্ডপের আশপাশে নিয়মিত টহল ও সন্দেহজনক ব্যক্তি ও বস্তু সম্পর্কে নজরদারি করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত থাকবে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। শোভাযাত্রার পথ ও জনসমাগম বিবেচনায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, এবারের দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
অনলাইন ডেক্স 

























