মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি দেশে আসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, “স্যার চিকিৎসা শেষে দেশে ফিরলেন। এখন অনেকটাই সুস্থ স্যার।”
গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান মির্জা আব্বাস। তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। এর আগে, গত ২ সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফেরেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তঃক্ষরণ হয়েছে। পরে দ্রুত অস্ত্রোপচার করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেড় মাস চিকিৎসা শেষে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে দীর্ঘ ৫ মাস পর গত ২ সেপ্টেম্বর তিনি প্রথমবার দেশে ফিরেছিলেন।
অনলাইন ডেক্স 























