বরগুনার ইসমাইল হোসেন (৪০) সৌদি আরবের রিয়াদে কর্মরত অবস্থায় মাটিচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় ৮ হাজার ৫০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশী টাকায় প্রায় ৩ লাখের কাছাকাছি।
নিহত ইসমাইল বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের জ্যেষ্ঠ সন্তান। তিনি ২০২৫ সালের ৫ জানুয়ারি শ্রমিক ভিসায় সৌদি আরব যান। প্রবাসে গিয়ে কিছুদিন বেকার থাকার পর একটি চীনা কোম্পানিতে কাজ শুরু করেন। তবে বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণ পুরোপুরি শোধ করা সম্ভব হয়নি।
ঘটনার দিন বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে রিয়াদ বিমানবন্দর এলাকায় পাইপলাইনের গভীর গর্তে কাজ করার সময় মাটি ধসে পড়ে ইসমাইল চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে পরিবারের কাছে দুর্ঘটনার খবর পৌঁছায়।
ইসমাইলের স্ত্রী সোনিয়া বেগম জানান, বৃহস্পতিবার সকালে তার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে তিনি সরকারের কাছে স্বামীর মরদেহ ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
ইসমাইলের বাবা আমজাদ হোসেন বলেন, তার ছেলের লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, তার ছেলের লাশ যেন দেশে এনে দাফন করার ব্যবস্থা করা হয়।
ইসমাইলের স্বজন ও এলাকাবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এমন অকালপ্রয়াণ ও লাশ ফিরিয়ে আনার বিড়ম্বনা বন্ধ হয়।
অনলাইন ডেক্স 






















