চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে জেলা জুড়ে গৃহীত আটটি খাল সংস্কার প্রকল্পে নির্ধারিত বরাদ্দের চেয়ে কম ব্যয়ে কাজ সম্পন্ন করে সরকারি অর্থ সাশ্রয়ের উদাহরণ স্থাপন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার মোট ৮টি বড় খাল খনন ও পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এসব প্রকল্পে ১০ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করা হয়েছে। নির্ধারিত বরাদ্দের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হওয়ায় ১ কোটি ২০ লাখ টাকার বেশি সরকারি অর্থ সাশ্রয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
খালগুলো পুনঃখনন ও সংস্কারের ফলে সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় কৃষিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় বালিয়া বাজার সংলগ্ন ব্রিজ থেকে জনতা বাজার হয়ে নুরুল ইসলাম চেয়ারম্যানের ব্রিজ পর্যন্ত খাল খনন প্রকল্পে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ২৩৭ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬৩৮ টাকা।
ফরিদগঞ্জ উপজেলায় পূর্ব জয়শ্রী ব্রিজ থেকে সরকারদের ব্রিজ পর্যন্ত এমবাড়ি খাল পশ্চিম অংশের কাজে ১ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৫৩৭ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৩৮৭ টাকা। শাহরাস্তি উপজেলায় ডাকাতিয়া নদীর খোর্দ্দ থেকে মোড়াগাঁও বটতলা শৈলখালী খাল খনন প্রকল্পে ৩ কোটি ৯ লাখ ২ হাজার ৪৭০ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৪১৩ টাকা।
চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান বলেন, ‘সরকারি বিধি-বিধান মেনে ১০ কোটির বেশি টাকায় চাঁদপুরের ৮ খালে প্রাণের সঞ্চার করা হয়েছে। সাশ্রয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার বেশি সরকারি অর্থ। প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করা হয়েছে।’
অনলাইন ডেক্স 






















