মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাওয়ার পর দেশে না ফেরায় এক সিনিয়র সহকারী সচিবকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উম্মে হানী নামের ওই কর্মকর্তা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৩১ আগস্ট) রাতে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৯ আগস্ট থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত উম্মে হানীর প্রেষণ মঞ্জুর করা হয়। পরে, ২০২২ সালের ১ জুন থেকে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যয়ন ছুটি মঞ্জুর করা হয়। ২০২৩ সালের ২৪ আগস্ট পর্যন্ত প্রেষণের মেয়াদ বাড়ানোর পর, তিনি পুনরায় অধ্যয়ন ছুটির জন্য আবেদন করেন।
তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ সংক্রান্ত কমিটি তাঁর আবেদন নামঞ্জুর করে। এরপর তাঁকে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনুমোদিত সময়ের অতিরিক্ত ৬০ দিনের বেশি সময় বিদেশে অবস্থান করার কারণে কর্তৃপক্ষের আদেশ অমান্য করেন উম্মে হানী। এ কারণে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর উম্মে হানীকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি, ফলে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়।
অনলাইন ডেক্স 






















