বলিউড অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর শালিনী নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, শালিনী স্পষ্ট জানিয়েছেন যে, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে শালিনী উল্লেখ করেন, ‘আমার একটি ভুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যে নারীকে দেখানো হয়েছে, সেটি আমি নই।’
এ ধরনের প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শালিনী বিশেষ করে নারীদের নিশানা করার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘মানুষকে নিশানা করে এবং বিশেষ করে নারীদের ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক।’
শালিনী ভিডিওটি শেয়ার, ফরওয়ার্ড কিংবা ডাউনলোড না করার অনুরোধ করেছেন এবং ব্যবহারকারীদের সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। তিনি জানান, ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি কোনো ভিডিও দেখে সেটিকে সত্যি বলে ধরে নেওয়া উচিত নয়।
অনলাইন ডেক্স 
























