প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সেনাসচিব ড্যান ড্রিসকল। হোয়াইট হাউস সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে চলমান মতবিরোধের মধ্যে তার এই বিদায় ঘটে।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রিসকল ও হেগসেথের মধ্যে কয়েক মাস ধরে মতবিরোধ চলছিল, তবে তাদের দ্বন্দ্বের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। ড্রিসকলের পদত্যাগের পর হোয়াইট হাউস তার কাজের প্রশংসা করেছে এবং উল্লেখ করেছে যে, তিনি ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং অ্যাগেইন’ কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
৪১ বছর বয়সি ড্রিসকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সি সেনাসচিব হিসেবে পরিচিত। তিনি মার্কিন সেনাবাহিনীতে কাজ করার পর ২০০৭ সালে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং পরে সেনাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ড্রিসকলের পদত্যাগের পর মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে ধারাবাহিক পরিবর্তন চলছে। এর আগে এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলানও পদত্যাগ করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের চাপের মুখে তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
ড্রিসকলের পদত্যাগের পেছনে হেগসেথের সঙ্গে বিরোধের নেপথ্যে কী রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ড্রিসকল ও জেনারেল র্যান্ডি জর্জের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন।
অনলাইন ডেক্স 























