দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও অভিনেত্রী কেয়া পায়েল জুটির রোমান্টিক নাটক 'উইথ লাভ' সম্প্রতি অন্তর্জালে প্রকাশ হয়েছে। নাটকটি 'জাগো এন্টারটেইনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে গত ৩০ জুলাই সন্ধ্যায় মুক্তি পায়। মুক্তির পর থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
রোমান্টিক ঘরানার এই নাটকের গল্প ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন মুহূর্তকে ঘিরে আবর্তিত হয়েছে। নির্মাতাদের মতে, এটি কেবল একটি প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি, আত্মত্যাগ এবং একে অপরকে বুঝে নেওয়ার গল্পও তুলে ধরা হয়েছে।
নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রাইয়ান মাহমুদ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী। বাস্তবধর্মী উপস্থাপনা, নান্দনিক চিত্রায়ণ ও আবেগময় সংলাপের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা।
রাইয়ান মাহমুদ বলেন, 'নাটকের গল্পটি খুবই সাধারণ, কিন্তু অনুভূতির জায়গা থেকে অনেক গভীর। আমরা বাস্তব জীবনের ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো পর্দায় তুলে ধরতে চেয়েছি। ফারহান ও কেয়া পায়েল দুজনই দারুণ অভিনয় করেছেন।'
মুক্তির পর নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দর্শকরা ফারহান ও কেয়া পায়েলের অভিনয়, সংলাপ এবং নাটকটির নির্মাণশৈলীর প্রশংসা করছেন।
অনলাইন ডেক্স 















