চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে দেশের কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দুটি নদীর তিনটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া উত্তর-পূর্ব, উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ সারা দেশে আগামী পাঁচদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বুধবার (২২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলী স্টেশনে পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ও সিলেটের ফেঞ্চুগঞ্জে ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপরে রয়েছে।
বর্তমানে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭৫টিতে পানি বাড়ছে, ৪৬টিতে কমছে ও ছয়টিতে অপরিবর্তিত রয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি এলাকায় নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। আগামী দুই দিনে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে, যা সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় নতুন করে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে যমুনা, গঙ্গা ও পদ্মা নদীর পানিও বাড়ছে, ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
অনলাইন ডেক্স 






















