কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাড়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
আদালতের নথি অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও আদালতে প্রমাণিত হয়।
চলতি বছরের ৫ মে বিভাগীয় বিশেষ জজ আদালত জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, আদালত জাফর আহমদকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করার আদেশ দিয়েছেন।
বিচার চলাকালীন জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার সময় তিনি সেখানে ছিলেন।
অনলাইন ডেক্স 























