২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৩৯ বছর বয়সী এই তারকা কি শেষবারের মতো বিশ্বকাপ খেললেন—এমন প্রশ্ন ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার নিজের। ফাইনাল শেষে দি অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসির এখন ৩৯ বছর বয়স। অবিশ্বাস্য! সে যতদিন খেলতে চাইবে, ততদিন খেলবে। দলের সবাই তাকে সমর্থন করবে।’
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছিল। তবে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
স্পেন এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর প্রথম এবং ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা অর্জন করেছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা লা রোহা আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে।
ফাইনালে জয়সূচক গোল করে ফেরান তোরেস ইতিহাসও গড়েছেন। তিনি বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা মাত্র পঞ্চম ফুটবলার। এছাড়া ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার পর দ্বিতীয় বার্সেলোনা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
অনলাইন ডেক্স 























