টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল মিয়া (১৮) এবং রংপুর জেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন (২৫)। নিহত জিকুল বিডি ফুড কোম্পানিতে এবং সাজ্জাদ একটি ইটভাটাতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে একদল যুবক ও নারী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদারবাড়িতে গিয়েছিলেন। দিনভর আনন্দ-উচ্ছ্বাস শেষে সন্ধ্যায় তারা স্যালুনৌকাযোগে ফিরছিলেন। পথে মির্জাপুরের ফতেপুর-থলপাড়া এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া এক নারী ও তিন যুবক চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























