বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, আবু সাঈদের সমাধির পাশে দাঁড়িয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী দেড় বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদের কাছে রায়গুলো ঘোষণা করার দাবি জানানো হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। তিনি বিএনপি সরকারের সদিচ্ছার প্রশংসা করেন এবং বলেন, তারা ক্ষমতায় আসার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং বিএনপির প্রায় চার শতাধিক নেতাকর্মীও শহীদ হয়েছেন। বিগত সাড়ে ১৭ বছরে ছাত্রদলের শত শত নেতাকর্মী গুম হয়েছে।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা ছাত্রদলের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুততম সময়ে রায় প্রদান করতে হবে। তিনি শহীদ আবু সাঈদসহ বেশ কিছু মামলার রায় প্রদানের দাবি জানান।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পুনর্বাসনের স্বপ্ন দেখে। তিনি প্রতিজ্ঞা করেন, শহীদ ভাইদের রক্তের সাথে কোনো প্রতারণা করা হবে না এবং বেঈমানি করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















