হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, অজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের অন্তর (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের তানভীর এবং একই গ্রামের আবিদুল লস্কর (৩২)। এছাড়া, আহত হয়েছেন চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও গোছাপাড়া গ্রামের মিজান মিয়া (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
অনলাইন ডেক্স 























