আগের দিনের শেষটা মুশফিকুর রহিম করেছিলেন অপেক্ষায় থেকে। আর ২ রান হলেই ফিফটির দেখা পেয়ে যেতেন তিনি।
সে অপেক্ষা আজ ঘুচে গেল তার। দিনের চতুর্থ ওভারেই ফিফটি পূরণ করলেন তিনি। আর তাতেই তিনি ভেঙে দিয়েছেন তার সাবেক সতীর্থ ও বর্তমান সভাপতি তামিম ইকবালের রেকর্ড।
টেস্টের বিশালতার মাপকাঠিতে ফিফটি অর্জন হিসেবে বেশ ছোটই। তবে এবারের ফিফটি নতুন এক অর্জন এনে দিয়েছে তাকে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন তার নামের পাশেই।
রেকর্ডটা এতদিন তামিমের নামের পাশে ছিল। ৪১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল তার। গেল বছর আয়ারল্যান্ড সিরিজে দুই ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মুশফিক। আজ সেই কীর্তিটি একান্তই নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
তবে বিশ্বরেকর্ডটা মুশফিক থেকে অনেক দূরেই অবস্থান করছে। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি শচীন টেন্ডুলকারের। ১১৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।
মুশফিকের জন্য এই রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব। তবে শচীনের এই কীর্তি অচিরেই ভেঙে যেতে পারে। ১০৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে খুব কাছেই অবস্থান করছেন জো রুট।
অনলাইন ডেক্স 


















