সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে বিসিবিকে, এমনটি জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া আইসিসির সঙ্গে বোর্ডের টানাপোড়ন ও সাম্প্রতিক সংকট নিয়েও কথা বলেছেন তিনি।
সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘এ নিয়ে কিছু না বলি। তবে খুব চেষ্টা করেছি। দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার।’
আইসিসির সঙ্গে সম্পর্কের এখন সমাধান হয়ে গেছে বলেই জানালেন বুলবুল, ‘আলহামদুলিল্লাহ, বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে গেছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সে সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনই কাজ করি।’
বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে হচ্ছে তদন্ত। এ নিয়ে বুলবুল বলেন, ‘ঐটার ব্যাপারে আমার ধারণা নেই, কিছু শুনিনি। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অনুসন্ধান তো সরকার করতেই পারে। তাদের কথা আমরা শুনব, শুনছি। আবারও বলছি, ফাহিম ভাইসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় দলের স্কোয়াড ঠিক করেছিল। আমাদের যাওয়ার প্রস্তুতিও ছিল, কোথায় খেলবে, না খেলবে- সবই নির্ধারিত ছিল। তবে সরকারের সিদ্ধান্তকে সম্মান করতেই হবে।’
এদিকে বর্তমান বোর্ডের কার্যক্রম ভবিষ্যৎ নিয়ে বুলবুল বলেন, ‘আমি কোথাও কোনো সংকট দেখছি না। বোর্ড তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। জাতীয় দল খেলছে আর মেয়েদের দল শ্রীলঙ্কার বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে। সামগ্রিকভাবে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো সংকট নেই। এটা তো নির্বাচিত কমিটি। সাড়ে পাঁচ মাস ধরে বোর্ড চলছে। এ ধরনের প্রশ্ন আমরা আশা করি না।’
অনলাইন ডেক্স 


















