গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক উপাদান মজুত ছিল।
গ্রেফতারকৃত বাপ্পি দাবি করেছেন, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরার পর প্রেমের সম্পর্কের কারণে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন এবং ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। অভিযানে ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, অভিযানে একটি ল্যাব ও গোপন কক্ষ পাওয়া গেছে, যা বাড়ির ভেতরের দিকে তৈরি করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির উদ্দেশ্যে রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন।
অনলাইন ডেক্স 
























