যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার ঘরে থাকা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।
নিহতের মেয়ে পান্না বেগম জানান, তার মা ও খালা ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার খালা অন্য একটি বাড়িতে বেড়াতে যাওয়ার পর আছিয়া বেগম একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে তারা ঘরে গিয়ে তার মরদেহ দেখতে পান।
পান্না বেগম আরও জানান, ঘরের ভেতরে সব মালামাল এলোমেলো অবস্থায় ছিল এবং জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেছেন, মাকে হত্যার পর এসব জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অনলাইন ডেক্স 

























