মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন। তিনি আজ সকাল সাড়ে ৮টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
রোববার (১৮ অক্টোবর) রাতে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইশরাক একাধিক ফেসবুক পোস্টে সংবাদটিকে ‘গুজব’ বলে দাবি করেন। তার প্রেস কর্মকর্তা সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানান।
সকাল ৯টা ৮ মিনিটে হোয়াটসঅ্যাপের মিডিয়া গ্রুপে দেওয়া এক অডিও বার্তায় ইশরাক বলেন, ‘বেলা ২টায় প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার যে চূড়ান্ত ঘোষণাটি, সেটি আমরা ঘোষণা দেব।’ এর আগে, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন তিনি, যেখানে তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতে অস্ত্র দেখা যায়।
রোববার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান এবং সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। রাত ১০টার দিকে বিভিন্ন গণমাধ্যমে পদত্যাগের নির্দেশের খবর প্রকাশিত হয়।
রাত ১০টা ২২ মিনিটে ইশরাক তার হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে লেখেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ এরপর তিনি আরও কিছু বার্তা দেন, যেখানে পদত্যাগের খবরকে অসত্য দাবি করেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পদত্যাগের খবর স্ক্রল আকারে প্রচার করে, যা নিয়ে ইশরাকের প্রেস কর্মকর্তার পক্ষ থেকে সমালোচনা করা হয়। বিটিভির বিরুদ্ধে গুরুতর দায়িত্বহীনতার অভিযোগ তোলা হয়।
অনলাইন ডেক্স 
























