যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ‘মাদার অব অল বম্বস’ নামক সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা বিবেচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে এই বোমা ব্যবহার করা হতে পারে বলে সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জিবিইউ-৪৩/বি নামের এই বোমাটি ৯ হাজার ৮০০ কেজি ওজনের এবং এটি যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। ২০১৭ সালে আফগানিস্তানে আইএসের অবস্থানে হামলা চালাতে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয়েছিল।
ইরানে এই বোমা ব্যবহার করা হলে সংঘাত আরও তীব্র হতে পারে। তবে সামরিক কর্মকর্তাদের মধ্যে এর কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। বোমাটি বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম হলেও মাটির গভীরে থাকা সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য এটি যথেষ্ট কার্যকর নাও হতে পারে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন এলাকায় পারমাণবিক কর্মসূচির কিছু উপাদান রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গভীর ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানার জন্য বোমাটির মাটির নিচে প্রবেশের ক্ষমতা যথেষ্ট নয়।
মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন এমন সামরিক পদক্ষেপের বিকল্প খুঁজছে, যা যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি নিজেদের বিজয় দাবি করতে সক্ষম হবে। তবে ট্রাম্প সম্প্রতি বলেছেন, নির্বাচনের আগে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই।
অনলাইন ডেক্স 























