প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, সরকার প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ১১টি খাত নির্ধারণ করেছে এবং প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে এই কার্ডটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেসরকারি সংস্থা রামরুর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি জোরপূর্বক ও স্বেচ্ছামূলক অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি নিয়ে কাজের ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
নুরুল হক বলেন, প্রবাসীরা দেশের সোনার মানুষ। তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের প্রধান তিনটি সমস্যা রয়েছে—পাসপোর্ট তৈরিতে দালালের সহায়তা, বিদেশে প্রতিশ্রুত কাজ না পাওয়া এবং দূতাবাসে সেবা পাওয়ার সমস্যা।
প্রবাসী কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে। এটি প্রবাসীদের মৌলিক তথ্য সংরক্ষণে সহায়তা করবে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করবে।
এছাড়া, প্রবাসীদের জমিজমা-সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য তিন শতাংশ প্রণোদনার ব্যবস্থা রয়েছে। নুরুল হক বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংককে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
অনলাইন ডেক্স 






















