যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. জাহেদ বলেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। সরকার এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে। তিনি উল্লেখ করেন, রিকনসিলিয়েশনের জন্য যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচার হওয়া প্রয়োজন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে হেনস্তার চেষ্টা হয়েছে কারণ তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। একই ধরনের আচরণের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও।
তিনি বলেন, যে দল সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেয়, তাদের সঙ্গে রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই। ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, সামাজিকমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। তারা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন অভিযোগ তোলেন এবং পরে ড. ইউনূস সহযোগীদের সহায়তায় সেখান থেকে চলে যান।
অনলাইন ডেক্স 






















