দেশের সিনেমা হলগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ ছাড়ের বিষয়ে আলোচনা করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে সিনেমা হল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সিনেপ্লেক্সগুলোর জন্য অর্থ ছাড় করা গেলে সিনেমা হলগুলোর জন্য কেন হবে না, সেটি দেখতে হবে।”
প্রতিমন্ত্রী দর্শকসংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলে বিপুলসংখ্যক আসন থাকলেও ৫০ জন দর্শকও পাওয়া যাচ্ছে না।” তিনি হল মালিক, প্রযোজক ও পরিচালকদের যৌথভাবে আলোচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, “মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি অভিনেতা, পরিচালকসহ সংশ্লিষ্টদের দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।” নতুন শিল্পী তৈরির উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, এফডিসির মাধ্যমে নতুন মুখের সন্ধানে কর্মসূচি আবার চালু করা হয়েছে।
প্রতিমন্ত্রী ই-টিকিটিং ব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “২০২৬ সালে এসেও সিনেমা হলগুলোতে ই-টিকিটিং ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।” হল মালিকদের দাবিদাওয়া লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কাজ করবো।”
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও হল মালিকদের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “সবার সঙ্গে আন্তরিকভাবে কাজ করলে দেশের চলচ্চিত্র শিল্প ও সিনেমা হলগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
অনলাইন ডেক্স 
























