সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার হামলা চালানো হয়েছে। রবিবার এই হামলা ঘটে, যখন ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা সৌদি আকাশসীমা ও বিমানবন্দর এড়িয়ে চলার হুঁশিয়ারি দেয়। হামলার ফলে বিমানবন্দরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে একটি ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানায় অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। এ ছাড়া বিমানবন্দরের কাছেই একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা।
এর আগে শনিবারে একই বিমানবন্দরে এক হামলায় ১২ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে চারজন সৌদি, দুজন বাংলাদেশি এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে তিনবার হামলা হয়েছে, যার ফলে বিমানবন্দরটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে।
হুথি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া বাকি সব সৌদি বিমানবন্দর ও আকাশসীমা তাদের অভিযানের লক্ষ্যবস্তু। তারা সকল এয়ারলাইনস, কর্মী ও যাত্রীদের রিয়াদসহ অন্যান্য বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে।
এদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক ডব্লিউপিসি এনার্জি কংগ্রেস ও মন্ত্রী পর্যায়ের এনার্জি ফোরামের সম্মেলন বহাল থাকবে। তবে নিরাপত্তাজনিত কারণে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























