আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, আদালত ২ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। আগামী ২৮ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
এর আগে, ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি এ মামলার ৪ নম্বর আসামি।
গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
অনলাইন ডেক্স 























