গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। শনিবারের এই হামলা ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের অংশ বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় চার নারী ও এক তরুণ নিহত হয়েছেন। নিহত নারীদের মধ্যে দুজন খ্রিস্টান ছিলেন বলে আল শিফা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান আসালা আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ওই অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের কয়েকটি বাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর সেখানে আগুনও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলের তুফাহ এলাকার পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কয়েকটি স্থাপনা ও ভবন ধ্বংসে অভিযান চালানো হয়েছে।
দক্ষিণ গাজায় খান ইউনিস শহরের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং রাফাহর উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসব এলাকায় ভারী গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
এদিকে মধ্য গাজায় বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
অনলাইন ডেক্স 

























